শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মে 2022, 10:47 দুপুর • 300 বার পঠিত
ভরা মৌসুমেও বাড়ছে চালের দাম

সারা দেশে হঠাৎ করে চালের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চালের দাম বেড়েছে দুই থেকে চার টাকা। পাইকারি থেকে খুচরা বাজার, সবখানে এখন চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে।

অথচ ধান-চালের এখন ভরা মৌসুম। এই সময়ে চালের দাম বাড়ার কোনো যুক্তি নেই। বোরো মৌসুমে চালের দাম বাড়ার কথা শুনেছেন আগে? খাদ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, দেশে খাদ্য সংকট তৈরি হবে না। ধান-চালের কোনো সংকট নেই।

তাহলে হঠাৎ করে চালের দাম বাড়ছে কেন? সুস্পষ্টভাবে কেউ কিছু বলতে পারে না। কারো ধারণা, মিলার ও বড় প্রতিষ্ঠানগুলো ধানের মজুদ করছে। তাই এই অবস্থা। কারো বিশ্বাস, হাওড় অঞ্চলে ধনের ক্ষতি হয়েছে তাই এই অবস্থা। কেউ বলছেন ঝড়-বৃষ্টিতে ধানের ক্ষতি হওয়ায় নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

এই মৌসুমের বোরো ধান কাটা হয়ে গেছে। সরকার ২৭ টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে বলে জানানো হয়েছে। সাধারণত, বোরো ধান যখন উঠতে শুরু করে তখন বাজারে সব চালেরই দাম কমে আসে। কিন্তু এবার অবস্থা ভিন্ন। সামনে চালের দাম আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে খোদ ব্যবসায়ীদের। 

রাজধানীর কারওয়ান বাজার থেকে জানা যায়, এই মাসের শুরুতেও মিনিকেটের দাম কেজিতে পড়ত ৫৭ টাকা। এখন তা ৬০ টাকা। বিআর আটাশ চাল প্রতি কেজি পাইকারিতে ৪২ টাকায় নেমেছিল। এখন আবার সেটা ৪৭ টাকায় উঠে গেছে। খুচরা বাজারে এই চালের কেজি পড়ছে ৫০ থেকে ৫২ টাকা।

কিন্তু ঢাকার খুচরা দোকানে এই চালেরই দাম আরো অনেক বেশি। যেমন মিনিকেট  কিনতে হচ্ছে ৬৮ টাক কেজিতে। বিআর আটাশ প্রতি কেজির দাম দিতে হচ্ছে ৫২ টাকা। পাইজামের কেজি ৪৮ থেকে ৫০ টাকা। 

চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে থেকেও খুব ভালো খবর আসছে না। মিল মালিকরা কয়েকদিন চাল বিক্রি বন্ধ রাখায় অনেক ব্যবসায়ী বাজার ঘুরে যাচ্ছেন, চাল কিনতে পারছেন না। সপ্তাহের ব্যবধানে এখানে সব চালের দাম বেড়েছে। কোনো চাল বস্তায় ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে, কোনোটা এর চেয়ে সামান্য কম বা বেশি।