শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল

মোহাম্মদ খাইরুল আমিন • 21 ফেব্রুয়ারি 2022, 09:49 সকাল • 400 বার পঠিত
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল

 মহান শহিদ দিবস ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে মানুষের ঢল নেমেছে।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দলে দলে মানুষ এসে হাজির হয়েছেন শহিদ বেদিতে।
গত রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবেরা শহিদ মিনারে শ্রদ্ধা জানান। এরপর রাষ্ট্রীয় বিভিন্ন দল ও সংস্থার ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাধারণ মানুষের জন্য শহিদ মিনার প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি অনুসরণ করে সারিবদ্ধভাবে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।

শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসা অনেকের হাতেই ফুল ও প্লেকার্ড শোভা পায়। অনেকে কালো পোশাক পরে হাজির হয়েছেন ভাষা শহিদদের স্মৃতির বেদিতে।

১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করলে ছাত্র-জনতা তা ভঙ্গ করে মিছিল নিয়ে রাজপথে নামে। সেই মিছিলে গুলি চালালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ বীর শহিদদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। মহান সেই ভাষা আন্দোলনের শহিদদের স্মরণেই নির্মিত হয় শহিদ মিনার। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহিদ মিনারে এসে শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় গোটা জাতি।