শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড

অনলাইন নিউজ পোর্টাল • 01 ডিসেম্বর 2021, 07:22 বিকাল • 322 বার পঠিত
ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ড

শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে হঠাৎ আগুন লেগে যায়।

আগুন লাগার পর সেখানে তীব্র আতঙ্ক তৈরি হয়। শীতকালীন অধিবেশনে এমনিতেই বেশ উত্তেজনা ছিল তার মধ্যে আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবরে বলা হয়, শীতকালীন অধিবেশন থেকে ১২ জন সংসদ সদস্যকে বহিষ্কার করার প্রতিবাদে সকাল থেকেই সংসদ ভবনের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বহিষ্কৃতরা। এরই মধ্যে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়।

এদিকে ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে দাবি করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, এই সংসদভবনটি বেশ পুরনো হওয়ায় নতুন একটি সংসদ ভবন নির্মাণ করছে মোদি সরকার।

করোনার মধ্যে বিশাল অর্থ খরচে নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই সংসদ ভবন যে পুরনো হয়ে গেছে, এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যথার্থ ছিল, তা দেখাতেই কৌশলে আগুন লাগানো হয়েছে।

তবে এই দাবি একবারেই উড়িয়ে দিয়েছে মোদি সরকার। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রীকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। তবে সংসদ চলাকালীন প্রত্যেকদিন সবকিছু পরীক্ষা করা হয়। তারপরও আগুন লাগায় নানা প্রশ্ন দানা বাঁধছে।