ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়লো
অনলাইন নিউজ পোর্টাল
•
08 মে 2021, 09:36 রাত
•
784 বার পঠিত
ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বাড়ায় ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল থেকে সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। আগামী ৯ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে করোনার প্রকোপ আরো বাড়ায় ১০ মে থেকে আরো ১৪ দিন সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর পরই আগের মতোই চিকিৎসার জন্য ভারতে অবস্থান করা বাংলাদেশিরা ভিসার মেয়াদ শেষ হওয়া আগে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। অনুমতির জন্য সেখানকার বাংলাদেশ মিশনে পাসপোর্ট কপি, ভিসার কপি, টেলিফোন ও ঠিকানাসহ প্রয়োজনীয় কাগজ দিয়ে আবেদন করতে হবে। ভারতে আটকে পড়া বাংলাদেশিরা বেনাপোল, বুড়িমারী ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পারবেন।