শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ করোনার মাঝেই কুম্ভমেলার শাহী স্নানে হাজার মানুষের ঢল

অনলাইন নিউজ পোর্টাল • 29 এপ্রিল 2021, 11:31 দুপুর • 274 বার পঠিত
ভারতে ভয়াবহ করোনার মাঝেই কুম্ভমেলার শাহী স্নানে হাজার মানুষের ঢল

ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারি করোনাভাইরাস, এ অবস্থার মধ্যেই কুম্ভমেলার শেষ শাহী স্নানে অংশ নিয়েছেন ২৫ হাজার পুণ্যার্থী এবং অন্তত এক হাজার ৩৫০ জন সাধু-সন্ত। মঙ্গলবার মেলা শেষ হওয়ার তিন দিন আগে এই শেষ শাহী স্নান অনুষ্ঠিত হয়। আর তাতে অংশ নিতেই ঢল নামে মানুষের।

শাহী স্নানের কয়েক ঘণ্টা পর হরিদ্বার জেলা প্রশাসন সন্ধ্যা থেকে করোনা কারফিউ জারি করে। ৩ মে সকাল পর্যন্ত চলবে এই কারফিউ। কয়েকদিন আগে কোভিডের বাড়বাড়ন্তের জেরে তুমুল সমালোচনার ঝড় ওঠে এই কুম্ভমেলা নিয়ে। বিতর্কের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধু-সন্তদের উদ্দেশে বার্তা দেন, সংক্রমণের কথা মাথায় রেখে এবার প্রতীকী কুম্ভমেলা উদযাপন করা হোক। সাধু-সন্তদের জুনা আখড়া তা মেনেও নেয়। কিন্তু মঙ্গলবারের চিত্র দেখে তেমনটা মনে হয়নি।

কুম্ভমেলার আইজি সঞ্জয় গুঞ্জাল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আবেদনের পর এবং মুখ্যমন্ত্রীর বারবার তদারকির পর সাধুদের আখড়াগুলো এদিন ভিড় কম রাখার চেষ্টা করেছিল। গত তিন দিন ধরে আখড়াগুলোর সঙ্গে বৈঠক হয়েছে জমায়েত নিয়ে। তারা শারীরিক দুরত্ব বজায় রেখেছিলেন। এমনকি নাগা সন্ন্যাসীরাও মাস্ক পরেছিলেন।

কিছু পুলিশ কর্মকর্তাও শাহী স্নানে অংশ নেন। তাদের দাবি, এটা প্রতীকী ছিল। গত ১১ মার্চ প্রথম শাহী স্নানের সময় মেলায় ৩২ লাখ পুণ্যার্থীর ভিড় ছিল। ২৭ মার্চ দ্বিতীয় শাহী স্নানের সময়ও একই সংখ্যক ভিড় ছিল। তৃতীয় শাহী স্নানের সময় ১৪ এপ্রিল সেই ভিড় অর্ধেক হয়ে যায়।

এদিকে বেশি সংক্রামক ভ্যারিয়েন্ট, কম টিকাদান আর বড় জমায়েতের কারণে ভারতের করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।