শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে কৃষক দম্পতির উপর পুলিশের নির্মম নির্যাতন

অনলাইন নিউজ পোর্টাল • 17 জুলাই 2020, 11:55 দুপুর • 280 বার পঠিত
ভারতে কৃষক দম্পতির উপর পুলিশের নির্মম নির্যাতন

ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক দম্পতির উপর অমানুষিক অত্যাচার করেছেন পুলিশ। ওই কৃষক দম্পতির অপরাধ, তাদের কৃষিজমির উপর মডেল‌ কলেজ তৈরি করা হবে বলে নোটিশ পাঠানো সত্ত্বেও জমি ছেড়ে উঠে যাননি তারা। পাশাপাশি যে জমিতে তারা চাষ করছেন সেটি সরকারি জমি বলেও দাবি করা হয়। কিন্তু জমি থেকে উচ্ছেদের জন্যে যে পদ্ধতি ব্যবহার করেছে প্রশাসন তাতে নিন্দার ঝড় উঠেছে সব মহলে।

জানা গেছে, গুণার কৃষক রামকুমার আহিরওয়ারকে জমি খালি করার নোটিশ দেয়ার পরেও কোনো কাজ না হওয়ায় সেই জমিতে হওয়া ফসলের ওপর দিয়েই বুলডোজার চালিয়ে দেন মধ্যপ্রদেশের রাজস্ব বিভাগের কর্মকর্তা। আর জোর করে চোখের সামনে ওই কৃষক ও তার পরিবারকে সেই ঘটনা দেখতে বাধ্য করে পুলিশ, চলে নির্মম অত্যাচারও। বারবার কাকুতি মিনতি করা সত্ত্বেও বুলডোজার থামানো হয়নি। অবশেষে সন্তান ও পুলিশের সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন ওই দলিত কৃষক‌ দম্পতি। তবে বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা এবং শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।