শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারত জানালে পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 02:21 দুপুর • 248 বার পঠিত
ভারত জানালে পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পিকে হালদারকে গ্রেপ্তার করা বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। বিষয়টি নিয়ে ভারত জানানোর পর পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেছেন, ‘পিকে হালদার বাংলাদেশে ওয়ান্টেড ব্যক্তিত্ব। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাঁকে অনেক দিন ধরেই চাচ্ছি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমাদের এখনো অফিশিয়ালি কিছু আসে নাই। আমাদের যা কাজ আমরা আইনগতভাবে করব।’ 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের পুনর্নির্মাণ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

কয়েক হাজার কোটি টাকা আত্মসাত করে দেশ থেকে পালিয়ে যাওয়া পিকে হালদার ভারতের পশ্চিমবঙ্গে নাম বদলে বসবাস করছিলেন। শনিবার তাকে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করে। তাকে তার ৫ সহযোগীকে গ্রেপ্তারের পর ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পেয়েছে ইডি। এই সংক্রান্ত নথি তাদের হাতে এসেছে বলে জানায় তারা। তারা জানায়, পিকে হালদার শিবশংকর হালদার নাম নিয়ে ভারতে বসবাস করছিলেন। 

এই পরিচয় দিয়ে তিনি ভারতের বেশ কিছু সরকারি পরিচয়পত্র, যেমন পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন (প্যান), নাগরিকত্বের পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি পরিচয়পত্র জোগাড় করেছিলেন। পিকে হালদার ও তাঁর অন্য সহযোগীরা একই কাজ করেছিলেন বলেও জানিয়েছে ইডি। 

এক বিবৃতিতে ইডি জানিয়েছে, এইসব পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু সংস্থা (কোম্পানি) পি কে হালদার ও তাঁর সহযোগীরা খুলেছিলেন। তাঁরা বিভিন্ন জায়গায় জমিজমাও কিনেছিলেন। কলকাতার বিভিন্ন অভিজাত এলাকাতেও তাঁদের বেশ কিছু বাড়ি রয়েছে।

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদার ২০১৯ সালে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। পরে কানাডায় পাড়ি জমান। তবে এখন জানা গেল, তিনি ভারতেই একরকম থিতু হয়েছিলেন। তিনি বাংলাদেশে শীর্ষ দখলদার ও খেলাপিদের একজন।