শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে: মির্জা ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 21 আগস্ট 2025, 09:44 রাত • 386 বার পঠিত
উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে নতুন করে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, যা রুখে না দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের মূল্যবোধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ আমাদের স্বাধীন সত্তা ও রাষ্ট্র দিয়েছে। আবার ২০২৪ সালের জুলাই–আগস্টের শহীদরা আমাদের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দিয়েছেন। কিন্তু এখন ষড়যন্ত্র চলছে, ’৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাম্প্রদায়িক রাজনীতি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের সবাইকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।”

তিনি আরও বলেন, ভগবান কৃষ্ণ যেমন দুষ্টের দমন ও শিষ্টের পালন করেছিলেন, তেমনি যুগে যুগে ধর্মপ্রবর্তকরা মানুষকে সঠিক পথে ডেকেছেন। “আমরা সবাই এই দেশের নাগরিক—হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা রাজনৈতিকভাবে ভিন্নমতের হলেও আমরা বন্ধু।”

গত ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার জনগণকে বন্ধু নয়, প্রজা হিসেবে দেখেছে। তিনি বলেন, “৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশ চালানোর মতো অর্থনীতি কীভাবে টিকে থাকবে?”

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন।