শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে বেশি উদ্বেগের কারণ নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2025, 12:56 দুপুর • 357 বার পঠিত
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে বেশি উদ্বেগের কারণ নেই

ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির কারণে বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আজ রবিবার, ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি পূরণের চেষ্টা করা হবে। নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে।”

আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির পাশাপাশি দেশের সাম্প্রতিক আর্থিক অবস্থা সম্পর্কেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, “এবারের রমজান ও ঈদে দ্রব্যমূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সকল মন্ত্রণালয় একসাথে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে।”

তিনি জানান, দেশের অর্থনীতি উন্নতির পথে রয়েছে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।