রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে - মির্জা ফখরুল

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 30 জুন 2025, 07:49 বিকাল • 242 বার পঠিত
তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে -  মির্জা ফখরুল

সাম্প্রতিক চীন সফরে তিস্তা নদী সংস্কার প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিষয়টি নিয়ে চীন ইতিবাচক সাড়া দিয়েছে এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে বিএনপি এ প্রকল্পকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

আজ সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলটির একটি প্রতিনিধিদলের চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিস্তা প্রকল্প বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা চীনকে আমাদের প্রয়োজন ব্যাখ্যা করেছি। তাঁরা ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন এবং এ নিয়ে কাজ করছেন। আমরা ভবিষ্যতে সরকারে গেলে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখব।”

এ সময় রোহিঙ্গা সংকট নিয়েও চীনকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আগ্রহ নিয়ে কাজ করছে। তারা মিয়ানমার সরকারকে এ বিষয়ে সম্মত করতে চেষ্টা করছে।”

চীন সফরকারী বিএনপির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার। সংবাদ সম্মেলনে তাঁরা সবাই উপস্থিত ছিলেন।