টিপু হত্যা: ওমান থেকে মুসাকে দেশে আনা হলো
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন সুমন শিকদার মুসাকে ওমান থেকে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটার দিকে পুলিশের তিন সদস্যের একটি দল তাকে নিয়ে দেশে পৌঁছায়।
সংবাদমাধ্যমকে এ্ খবর নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম।
তিনি জানান, মহিউল ইসলাম বলেন, গত রোববার বাংলাদেশ পুলিশের একটি দল মুসাকে ফিরিয়ে আনতে ওমানে যায়।
টিপু হত্যা মামলার তদন্তে মুসার নাম এসেছিল। এরপর তাকে ধরতে বাংলাদেশের পুলিশ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছিল। এর ভিত্তিতে গত ১২ মে ইন্টারপোল ওমানে মুসাকে গ্রেপ্তার করে।
গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এসময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়।