শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তেলের দাম বাড়ার পর এবার বাড়ছে পরিবহনের ভাড়া 

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2022, 02:30 দুপুর • 301 বার পঠিত
তেলের দাম বাড়ার পর এবার বাড়ছে পরিবহনের ভাড়া 

এক লাফে অনেক বেড়েছে জ্বালানি তেলের দাম। স্বাভাবিকভাবে এবার পরিবহনের ভাড়া বাড়ার পালা। আর সেটাই হতে যাচ্ছে। আজ শনিবার বিকেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিকরা বৈঠকে বসবেন। 

এই বৈঠকে পরিবহন মালিক, শ্রমিক নেতা ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কর্তারা থাকবেন। বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্য পক্ষে থাকবেন।

এই বৈঠকে মূলত পরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে আলাপ আলোচনা হবে। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে দুই পক্ষের মধ্যে বৈঠক হবে। 

এনায়েত উল্লাহ বলেন, পরিবহন মালিকরা বিকেলে বিআরটিএ'র সঙ্গে মিটিং করবেন। সেখানে মূলত ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বাস পরিচালনার ব্যয় বেড়ে গেছে। তাই বাস ভাড়া সমন্বয় করা জরুরি। 

গতকাল রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। আর আজ সকাল থেকে রাজধানিতে গনপরিবহন খুব কম। এই কারণে যাত্রীরা পড়েছেন বড় ভোগান্তিতে। 

গতকাল শুক্রবার রাতেই সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২ থেকে ৫২ শতাংশ বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। এই দাম বাড়ার হার প্রায় ৪২ শতাংশ।

লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম লিটার প্রতি ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা হয়েছে। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। শুক্রবার রাত ১২টার পর থেকেই ভোক্তা পর্যায়ে নতুন এই দাম কার্যকর করা হয়েছে।