শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

টানা সাত দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ২৩

মোহাম্মদ খাইরুল আমিন • 27 এপ্রিল 2022, 04:52 দুপুর • 836 বার পঠিত
টানা সাত দিন মৃত্যুহীন, নতুন শনাক্ত ২৩

খবরটা অনেক বড় স্বস্তির এই দেশের জন্য। গোটা একটি সপ্তাহ করোনাভাইরাসে বাংলাদেশ রইল মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টায়ও দেশে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর মেলেনি। এই সময়ে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৩৮ শতাংশ। 

নতুন করে আক্রান্ত ওই ২৩ জন রোগীকে নিয়ে এ পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর মোট সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জন হয়েছে। গত সাতদিনে কারো মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সর্বশেষ গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে গত একদিনে সেরে উঠেছেন আরও ৩৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩ রোগীর মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের। এদের ১৩ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে ফরিদপুরে একজন, গাজীপুর জেলায় চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত একদিনে ময়মনসিংহ জেলায় দুইজন, মেহেরপুর জেলায় একজন এবং সিলেট জেলায় দুজন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগে এই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী পাওয়া যায়নি।