তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে পিছু হটার পর আফগানিস্তানের ক্ষমতা নেওয়া তালেবান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। এমনটাই দাবি করেছেন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
এক সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।
আন্তর্জাতিক টেলিভিশন ফ্রান্স২৪-এর প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাজধানী অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে আলোচনা থেকে ফিরে আসার পর প্রথম সাক্ষাত্কারে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ আশাবাদ ব্যক্ত করেন।
আন্তর্জাতিক স্বীকৃতি পেতে নিজেদের শর্ত অনুযায়ী আফগান সরকার যেকোনো ছাড় দেবে বলেও জানান তিনি।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার (২ ফেব্রুয়ারি ২০২২) এএফপিকে বলেন, আফগানিস্তানের নতুন শাসকরা ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া... আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসেছি। এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাব।