সরকারের নিয়ন্ত্রণে নেই চালের বাজার
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মিলগেটে দাম বেঁধে দেওয়া থেকে শুরু করে সরকারের চাল আমদানির সিদ্ধান্তও বদলাতে পারছে না বাজারচিত্র। গত সপ্তাহ থেকে রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে আমদানি করা ভারতীয় চাল। তবে সরবরাহ খুবই কম ও দামে বেশি হওয়ায় তা বাজারে কোনো প্রভাব ফেলেনি। এদিকে আমদানির খবরে পাইকারিতে দাম কয়েক দফা ওঠানামা করলেও খুচরায় চালের দাম এখনো আগের মতোই চড়া রয়েছে।
রাজধানীর খুচরা বাজারে সরু মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। অন্যদিকে মাঝারি বিআর আটাশ চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। এ ছাড়া নাজিরশাইল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৮ টাকা কেজি দরে। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেও গত এক সপ্তাহের ব্যবধানে মাঝারি চালের দাম বেড়েছে ৪ দশমিক ৭৬ শতাংশ। মোটা চালের দাম বেড়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মিলগেটগুলোয় সরকারি দাম মানা হচ্ছে না। আগের মতোই বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। অন্যদিকে আমদানির সিদ্ধান্তের পর মাসখানেক সময় পার হলেও বাজারে পুরোপুরি ওঠেনি সে চাল। তাই বাজারদরের তেমন হেরফের হয়নি।
সরকার বেসরকারিভাবে আমদানি বাড়াতে গত ৭ জানুয়ারি চালের মোট করভার ৬২ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনে এবং ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। সরকারের এ উদ্যোগের এক মাস পার হতে চললেও বাজারে মিলছে না কোনো সুফল। ব্যবসায়ীরা বলছেন, চাল আমদানি হচ্ছে ঢিলেঢালা তালে। তা ছাড়া বাজারেও তা ঠিকঠাক পৌঁছাচ্ছে না।