শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সরকারবিরোধী ধর্মঘটে প্রায় সবকিছু বন্ধ 

মোহাম্মদ খাইরুল আমিন • 06 মে 2022, 06:19 বিকাল • 236 বার পঠিত
শ্রীলঙ্কায় সরকারবিরোধী ধর্মঘটে প্রায় সবকিছু বন্ধ 

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে এবার সরকারি কর্মীদের সমর্থনও হারালেন। ১৯৪৮ সালে অর্জিত স্বাধীনতার পর শ্রীলঙ্কা পড়েছে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে। আর এমন সময় আর্থিক সংকট মোকাবেলায় ব্যর্থতার জন্য দেশটির প্রেসিডেন্ট ও সরকারের পদত্যাগের দাবিতে ধর্মঘট শুরু করেছে সরকারি ও বেসরকারি কর্মীরা।

তাতে সংকট আরো বেড়েছে ভিন্ন ভিন্ন দিকে। আজ শুক্রবার শ্রীলঙ্কার হাজার হাজার স্কুল, লাখো দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গোটাবায়ার বিপক্ষে বিক্ষোভ অনেক দিন ধরে চলছে। তবু এই সংকটের মধ্যে নিজেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে তিনি টিকিয়ে রাখছেন। বিদেশি রাষ্ট্রগুলোর দিকে হাত পেতে দেশের সমস্যা দূর করার চেষ্টা করে যাচ্ছেন।

কিন্তু বৈদেশিক মূদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ায় সবকিছুর ওপর ব্যাপক প্রভাব পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেশটিতে এখন আর সুলভ নয়। চিকিৎসাব্যবস্থার ওপরও পড়েছে প্রভাব। জ্বালানি, বিদ্যুৎ থেকে সবদিকে অভাব। 

প্রতিবাদে দেশটিতে লাগাতার বিক্ষোভ চলছে। কখনো কখনো তা সহিংস হয়ে উঠছে। 

শুক্রবার শ্রীলঙ্কায় দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান যেমন বন্ধ তেমন চলছে না গণপরিবহণ। বাস-ট্রেনের কর্মীরা ধর্মঘটে যোগ দিয়েছেন। শুধু কিছু সরকারি বাস এখনো চলাচল করছে। তাতে যাত্রীদের ভোগান্তি কমছে না। 

হাসপাতালে এখনো সেবা দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থকর্মীরাও ধর্মঘটে যোগ দিয়েছেন। 

শেষ খবর হলো, শ্রীলঙ্কার পার্লামেন্টের দিকে যাওয়া প্রধান সড়কের পাশে হাজারো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক বিক্ষোভকারী বৃহস্পতিবার থেকে অবস্থান নিয়ে আছেন। প্রেসিডেন্ট গোটাবায়াকে অপমান করতে ব্যারিকেডের ওপর অন্তর্বাসে ‘গোটা বাড়ি যাও’ স্লোগান লিখে ঝুলিয়ে রেখেছে। 

এমন পরিস্থিতিতেও প্রেসিডেন্ট গোটাবায় বারবার পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন। অবশ্য বিরোধীদল আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায়।