শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৈকতে মাছ ভেসে আসার আসল কারণ জানা গেল?

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2022, 09:32 সকাল • 310 বার পঠিত
সৈকতে মাছ ভেসে আসার আসল কারণ জানা গেল?

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে হিমছড়ির দরিয়ানগর পর্যন্ত এলাকায় মৃত মাছ ভেসে আসার ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনা। অবশেষে জানা গেল আসল কারণ। দাম কম হওয়ায় জেলেরাই ফেলে দিয়েছেন এসব মাছ।

গত (১৯ মার্চ) বিকেলে এসব মাছ ভেসে আসার পর থেকে এ বিষয়ে উৎসুক মানুষের আগ্রহের শেষ নেই। বলা হচ্ছিল সমুদ্রে খারাপ প্রভাব বা সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে মাছগুলো মরে কূলে উঠে এসেছে।

এদিকে কক্সবাজার মৎস্য গবেষণা ইন্সটিটিউট জানিয়েছেন, কোনো কিছুর প্রভাব নয়, বাজারে মাছের দাম কম হওয়ায় একটি বড় বোট থেকেই মরা মাছগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী শফিকুর রহমান বলেন, মাছগুলো মহেশখালীর একটি বোট থেকে ফেলে দেয়া হয়েছে। ওই বোটের জালে বিপুল পরিমাণ ‘চাপিলা’ মাছ ধরা পড়ে। কলাতলী পয়েন্টে দুটি নৌকায় আনলোড করার পর অবশিষ্ট মাছগুলো তারা পানিতে ফেলে দেয়। পরে মরা মাছগুলো ঢেউয়ের তোড়ে ভেসে কূলে উঠে আসে।

তিনি আরো বলেন, এত বিপুল পরিমাণ মরা মাছ ভেসে আসা নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তবে অনুসন্ধানে জানতে পারি মরা মাছগুলো বোট থেকে ফেলে দেয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বিহিন্দি জালের মতো এক প্রকার জালে এসব মাছ ধরা পড়ে। কিন্তু বাজারে মাছগুলোর দাম কম হওয়ায় খরচ না পোষানোয় মাছগুলো সাগরে ফেলে দেয়া হয়েছে।