সংসদ এলাকায় টানানো সাইনবোর্ড ও ব্যানার অপসারণের নির্দেশ
জাতীয় সংসদের সংসদ কমিটির সভায় সংসদ ভবন ও সংসদ সদস্য ভবনের আশেপাশে টানানো সাইনবোর্ড ও ব্যানার এক সপ্তাহের মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভা থেকে এ নির্দেশ দেয়া হয়।
সভায় কমিটির ৬ষ্ঠ বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ৬ষ্ঠ বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন ও এর আশেপাশের এলাকার সেবার কাজ সম্পন্ন করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ করে তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বলা হয়।
মানিক মিয়া এভিনিউতে যেন কোনো দোকানপাট বসতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিয়মিত মনিটরিং করার জন্য ডিএমপিকে নির্দেশনা দেয়া হয়।
কমিটি সংসদ সচিবালয় থেকে এরই মধ্যে সরবরাহ করা গাড়ির স্টিকার নতুন করে ডিজাইন করার সুপারিশ করে।
সংসদ ভবন ও সংসদ সদস্য ভবনের প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা ও পিএবিএক্স টেলিফোন সংযোগ দ্রুততম সময়ের মধ্যে স্থাপনের সুপারিশ করা হয়।
কমিটি ন্যাম ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চলমান কাজের মান ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদেরকে নিয়মিত তদারকি করার নির্দেশনা প্রদান করে।