শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্কুলের বরাদ্দ বন্ধের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

অনলাইন নিউজ পোর্টাল • 09 জুলাই 2020, 12:23 দুপুর • 750 বার পঠিত
স্কুলের বরাদ্দ বন্ধের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মহামারির মধ্যে বন্ধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়া বরাদ্দ। এবার দেশটির স্কুলগুলোকে বরাদ্দ বন্ধের নির্দেশনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈশ্বিক করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো আগামী শরতে না খুললে বরাদ্দ বন্ধের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর স্কুলগুলো খোলার ব্যাপারে যে গাইডলাইন দিয়েছে সেগুলো ‘অত্যন্ত কঠোর ও ব্যয়বহুল’ বলে সমালোচনা করেছেন তিনি।

বুধবার এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ‘ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুলগুলো বন্ধ রাখতে চায়। তিনি লিখেছেন, ‘ডেমোক্র্যাটরা মনে করে নভেম্বরে জাতীয় নির্বাচনের আগে যদি স্কুলগুলো খুলে ফেলে তাহলে সেটি তাদের জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর। তবে এটি শিশু ও পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। স্কুলগুলো না খুললে বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সিডিসির সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, আমি স্কুল খোলার ব্যাপারে সিডিসির কঠোর ও ব্যয়বহুল গাইডলাইনগুলোর সঙ্গে একমত নই। যখন তারা স্কুল খুলতে চাইছে, তখন তারা এগুলোকে একেবারে অবাস্তব জিনিস করতে বলছে। আমি তাদের সঙ্গে বৈঠকে বসব।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৬২ জনের।