সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়ালেম মারা গেছেন
দীর্ঘদিন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা "ওয়ালিদ আল মোয়ালেম" মারা গেছেন। দেশটির শীর্ষ এই কূটনীতিক ছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের কট্টর সমর্থক।
সোমবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। যদিও দীর্ঘদিন ধরেই এই প্রবীণ রাজনীতিবিদ নানা রকম স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল।
ক্ষমতাসীন বা’য়াথ পার্টির সদস্য ওয়ালিদ আল মোয়ালেম ২০০৬ সালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। অপরদিকে ২০১২ সালে তাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বেও বসানো হয়। তিনি সে দায়িত্বও পালন করে আসছিলেন।
সিরিয়া সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রবীণ কূটনীতিক ফয়সাল মেকদাদকে মোয়ালেমের স্থলাভিষিক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়ালিদ আল মোয়ালেম যুক্তরাষ্ট্রে সিরিয়ার দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিরীয় সরকার এক বিবৃতিতে বলেছে, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি দেশকে প্রচণ্ড ভালোবাসতেন। সোমবার সকালে এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু হয়েছে এবং সোমবার শেষের দিকেই তাকে রাজধানী দামেস্কে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।