সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৭ পুলিশের চার দিন রিমান্ড মঞ্জুর
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দ দুলালসহ ৭ পুলিশের আরো চার দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কক্সবাজার র্যাব-১৫ এর এএসপি খায়রুল ইসলাম সাত দিন করে ফের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলার বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে আসামিদের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই রিমান্ড শেষে সোমবার আদালতে তোলা প্রধান তিন আসামি ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দলাল এবং ইতিমধ্যে রিমান্ড সম্পন্ন হওয়া চার পুলিশ সদস্যের আরো সাত দিন করে রিমান্ড আবেদন করি। কিন্তু আদালত সাত দিন নাকচ করে চার দিন রিমান্ড দেন।
এর আগে সপ্তাহব্যাপী রিমান্ডে বরখাস্ত হওয়া এ তিন পুলিশ সদস্যকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। আবার কিছু কিছু বিষয় নিয়ে রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএনের তিন সদস্যকেও মুখোমুখি করা হয় এ তিন পুলিশ সদস্যের সঙ্গে। ঘটনাস্থলে নিয়ে গিয়েও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নেন র্যাব কর্মকর্তারা।
এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার র্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানিয়েছেন, রিমান্ডে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।