শিক্ষামন্ত্রী: ক্লাসের পরিধি বাড়াতে মার্চ পর্যন্ত অপেক্ষা
শিক্ষামন্ত্রী বলেছেন, নতুন বছরেও করোনা সংক্রমণ বড় চ্যালেঞ্জিং হতে পারে। আমাদের দেশে মার্চে সংক্রমণ বেড়ে যায়। কাজেই ক্লাসের পরিধি বাড়ানোর জন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সচিবালয়ে নিজ দফতরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব মো. আবু বকর ছিদ্দীককে বরণের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে গত দুই বছর শিক্ষা ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে। আমরা অনেকভাবে ক্ষতি পুষিয়ে উঠবার চেষ্টা করেছি। সংক্ষিপ্ত সিলেবাসে পড়িয়েছি, পরীক্ষা নিয়েছি। সিলেবাস সংক্ষিপ্ত হবার কারণে কিছু না কিছু তো বাদ পড়েছে, সেখানে একটা ঘাটতি রয়েছে। আবার সংক্রমণের হার একটু ঊর্ধ্বগামী।
ক্লাসের সংখ্যা বা পরিধি বাড়ানোর বিষয়ে ডা. দীপু মনি বলেন, স্কুল এখন খোলা। আমরা চেষ্টা করছি ক্লাসের সংখ্যা আরেকটু বাড়াতে। একেবারে পুরো স্বাভাবিক অবস্থায় এ মুহূর্তে যেতে পারছি না। কারণ সংক্রমণের হার একটু ঊর্ধ্বগামী। মার্চ মাস পর্যন্ত আমাদের দেখতে হবে। কারণ সংক্রমণের হার প্রতিবছরই মার্চে বাড়ছে। মার্চ যদি ভালোভাবে পার করতে পারি তবে আমরা স্বাভাবিকের কাছাকাছি নিয়ে যেতে পারব।