শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে বাস চলাচলের অনুমতি দিচ্ছে সরকার

অনলাইন নিউজ পোর্টাল • 28 আগস্ট 2020, 07:45 বিকাল • 98 বার পঠিত
সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে বাস চলাচলের অনুমতি দিচ্ছে সরকার

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বাস চলছে। এসব স্বাস্থ্যবিধির মধ্যে ছিলো দাঁড়িয়ে যাত্রী না নেয়া, সবাইকে মাস্ক পরা এবং এক সিট খালি রেখে যাত্রীদের আসন নেয়া। তবে এসব শর্ত শিথিল করে নতুন নিয়মে বাস চলাচলের অনুমতি দিতে যাচ্ছে সরকার। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এটি কার্যকর হবে।

করোনার কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন বন্ধ হয়ে যায়। ১ জুন থেকে অর্ধেক আসন ফাঁকা রাখাসহ নানা শর্তে সীমিত আকারে তা চালু হয়। এ সময় বাস-মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। 

অপরদিকে পরিবহনমালিক-শ্রমিকেরা ১৬ আগস্ট সড়ক পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আসন পূর্ণ করে বাস-মিনিবাস চালানোর অনুমতি চান। বিনিময়ে বাড়তি ৬০ শতাংশ ভাড়া না নেয়ার আশ্বাস দেন তারা। ১৯ আগস্ট বিআরটিএর সঙ্গে বৈঠকেও মালিক-শ্রমিকেরা একই দাবি করেন। এরপরই সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রস্তুতি নেয়। বিআরটিএ সূত্র বলছে, এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসন পূর্ণ করে বাস-মিনিবাস চালুর অনুমতি দেয়া হচ্ছে। তবে দাঁড়িয়ে কোনো যাত্রী নেয়া যাবে না। যাত্রী ও শ্রমিকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া সব সময় জীবাণুনাষক দিয়ে বাস জীবাণুমুক্ত রাখতে হবে।