শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডের বিস্ফোরণে ৫ ফায়ার সার্ভিস কর্মী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুন 2022, 11:37 দুপুর • 509 বার পঠিত
সীতাকুণ্ডের বিস্ফোরণে ৫ ফায়ার সার্ভিস কর্মী নিহত

সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫ জন কর্মী নিহত হওয়ার খবর এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার এই খবর নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এছাড়া ফায়ার সার্ভিসের আরো ১৫ জন কর্মী আহত হয়ে সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শাহজাহান শিকদার জানিয়েছেন, তাদের আরো ২ কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত মোট ৩২ জনের মরদেহ মর্গে এসেছে।

এর মধ্যে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। এর আগে সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন জানিয়েছিলেন, সেনাবাহিনীর ১৫০ থেকে ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেবেন।

শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম ডিপোর কনেটেইনার টার্মিনালে লাগা এই আগুন ও বিস্ফোরণ ভয়বাহ রূপ নিয়েছে। এখনো আগুন জ্বলছে। এর মধ্যে ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েক শত আহত মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কনটেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টোইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন।