সীমান্তে শান্তি সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করা উচিত: বেইজিং
দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর যেকোনও কৃত্রিম বাধা ভারতীয় স্বার্থের ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেছে চীন। সীমান্তে শান্তি সমুন্নত রাখতে দুই দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে বেইজিং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতে চীনের বাণিজ্যিক অধিকার বজায় রাখতে বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত ১৫ জুন উভয় পক্ষ সংঘাতে জড়ায়।
বেইজিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে চীনের তৈরি ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। আর চীন সতর্ক করে দিয়ে বলেছে দিল্লির এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার লঙ্ঘন।
এই মাসের শুরুতে ভারতের রেডিও শো ‘মন কি বাত’ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘লাদাখে যারা ভারতীয় সীমান্তের দিকে চোখ তুলে তাকাবে তাদের যথাযোগ্য জবাব দেওয়া হবে।’ শুক্রবার তিনি গত ১৫ জুন লাদাখের সংঘাত স্থল পরিদর্শনে যান। সমুদ্র পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উচ্চতায় লাদাখের নিমো সেনাঘাঁটি পরিদর্শনের পাশাপাশি তিনি কাছের একটি হাসপাতালে সেদিনের সংঘাতে আহত সেনাদের সঙ্গে দেখা করেন।