শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সেদিন তড়িঘড়ি বেরিয়েছিলেন পাইলট

অনলাইন নিউজ পোর্টাল • 11 জানুয়ারী 2021, 01:24 দুপুর • 119 বার পঠিত
সেদিন তড়িঘড়ি বেরিয়েছিলেন পাইলট

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত শ্রীবিজয়া উড়োজাহাজের যাত্রীদের স্বজনেরা রয়েছেন অপেক্ষায়। উড়োজাহাজে থাকা ৬২ আরোহীর কোনো খোঁজ মেলেনি এখনো। উদ্ধারকারীরা বলছেন, সাগরে বিধ্বস্ত উড়োজাহাজের কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।

উড়োজাহাজের যাত্রী কারা, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। পরিবার ও বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বিবিসি তাঁদের পরিচয় জানার চেষ্টা করেছে। তুলে ধরেছে কয়েকজনের কথা।

সেদিন তড়িঘড়ি বেরিয়েছিলেন পাইলট ক্যাপ্টেন আফওয়ান

ফার্জা মাহারধিকার চাচা শ্রীবিজয়া এসজে১৮২ ফ্লাইটের পাইলট। ফার্জা জানেন না তাঁর পাইলট চাচার ভাগ্যে কী ঘটেছে। বললেন, ‘আমরা প্রচণ্ড শোকের মধ্যে রয়েছি। ভালো কিছুর জন্য প্রার্থনা করছি।’

ফার্জা জানান, দুর্ঘটনার দিন ক্যাপ্টেন আফওয়ান (৫৪) তড়িঘড়ি করে বেরিয়ে গিয়েছিলেন। তিনি খুব পরিপাটি থাকতেন। কিন্তু সেদিন তাঁর পোশাক ইস্তিরি করা ছিল না। আবার ছেড়ে যেতে হচ্ছে বলে তিন সন্তানের কাছে তিনি দুঃখ প্রকাশ করে যান।

১৯৮৭ সালে পেশাগতভাবে পাইলটের দায়িত্ব পালনের আগে থেকেই বিমানবাহিনীতে কাজ শুরু করেন ক্যাপ্টেন আফওয়ান। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পরিবার ও সহকর্মীরা বলছেন, তিনি বেশ ধার্মিক ছিলেন। পশ্চিম জাভার বোগোর শহরের বাসিন্দা আফওয়ান প্রতিবেশী ও সহকর্মীদের কাজে সহযোগিতা করতেন।

ফার্জা মাহারধিকা বলেন, চাচা খুব ভালো মানুষ ছিলেন। তিনি মানুষকে সুপরামর্শ দিতেন। দানশীলতার জন্য তিনি প্রতিবেশীদের কাছে জনপ্রিয় ছিলেন। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।’ তিনি চাচা ও তাঁর পরিবারের জন্য সবাইকে প্রার্থনা করতে আহ্বান জানান।