শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সাবধানতা জরুরি টিকা নেয়ার পরও

অনলাইন নিউজ পোর্টাল • 24 মার্চ 2021, 10:01 দুপুর • 229 বার পঠিত
সাবধানতা জরুরি টিকা নেয়ার পরও

 সাত মাস পর দেশে এক দিনে করোনাভাইরাস শনাক্ত ২ হাজার ৮০০ ছাড়িয়েছে। দুই মাস ২৪ দিন পর এক দিনে মৃত্যু উঠেছে ৩০ জনে। তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। হঠাৎ করেই করোনাভাইরাসের এমন দ্রুত ঊর্ধ্বগতিতে উদ্বেগও বাড়ছে সাধারণ মানুষের। পর্যবেক্ষণ বলছে, এ দফায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশির ভাগই নতুন, । মাত্র এক-দুই শতাংশ দ্বিতীয়বারের মতো আক্রমণের শিকার হয়েছেন। যারা নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন, তাদের মধ্যে আগের মতোই বর্ষীয়ানের সংখ্যাই বেশি। অর্থাৎ আগের মতো এ দফায়ও অপেক্ষাকৃত কম বয়সিদের আক্রান্ত হওয়ার ঘটনা ও মৃত্যুহার কম।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিপদ বাড়ছে। বাড়ছে উদ্বেগ। কিন্তু এর পরও মানুষের মধ্যে সে অনুপাতে বোধোদয় ঘটেনি। সতর্কতার বাইরে চলাচল করতে দেখা যাচ্ছে। কয়েক দিন ধরেই অব্যাহতভাবে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশি দেখেও মানুষ সাবধান হচ্ছে না। আর এভাবে চলতে থাকলে যেকোনো সময় করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সাধারণের মাঝে অনেকেই মনে করছেন, টিকা নেওয়ার পর তাদের কেন আবার সতর্কতার আওতায় আসতে হবে! বিশেষজ্ঞরা সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, টিকা গ্রহণের পর যে কেউই করোনায় আক্রান্ত হতে পারেন। এতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়ার দু-তিন সপ্তাহ পর ছাড়া এই টিকা পূর্ণাঙ্গ কার্যকরী হবে না। তবে এ কথাও সত্য যে, প্রথম ডোজ নেওয়ার তিন সপ্তাহ পর থেকে ভালো মাত্রায় অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। এ নিয়ে উৎকণ্ঠায় ডুবে থাকার কোনো কারণ নেই।

আসলেও বিশেষজ্ঞদের এর থেকে বেশি কিছু বলার নেই। তবে আমাদের আছে। আমরা মনে করি, বলার না থাকলেও করার আছে অনেক। করোনা প্রতিরোধের অন্যতম সৈনিক আমরাই। আমরা বলতে সাধারণ জনগণ। আমরা বিশ্বাস করি, করোনার বিরুদ্ধে এই মহাযুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে এগিয়ে না যাই; তাহলে গোটা মানবজাতি যে একসময় বিবেকবোধহীন সম্প্রদায়ে পরিণত হবে, তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। তাই বলতে হয়, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। আমরা এরই মধ্যে জেনে গেছি, সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে করোনাভাইরাস টেস্ট করেছেন ২৫ হাজার ১১১ জন। এরমধ্যে আক্রান্তের সংখ্যা অর্থাৎ শনাক্ত হয়েছে ২ হাজার ৮০৯ জন; যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২০ আগস্ট শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৬৮ জন। মাঝে সবকিছু কমার দিকে ঝুঁকলেও তা ধরে রাখতে পারিনি আমরা। আবার তা ঊর্ধ্বমুখী হয়েছে। আর এ পেছনের কারণ চিহ্নিত করতে গিয়ে বিশেষজ্ঞরা বলছেন অবহেলা।