শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

র‍্যাবের হাতে গ্রেপ্তার কিশোর গ্যাং ভাইব্বা ল কিং এর ৯ সদস্য

অনলাইন নিউজ পোর্টাল • 24 নভেম্বর 2021, 08:46 সকাল • 241 বার পঠিত
র‍্যাবের হাতে গ্রেপ্তার কিশোর গ্যাং ভাইব্বা ল কিং এর ৯ সদস্য

কেউ অটোরিকশা চালক, কেউ দোকানের কর্মচারী, কেউ নির্মাণ শ্রমিক, আবার কেউ অফিসের পিয়ন। তারা ‘ভাইব্বা ল কিং’ নামক একটি কিশোর গ্যাং চক্রে সদস্য। এ চক্রের সদস্যরা দিনে বিভিন্ন পেশার জড়িত থাকার পাশাপাশি টিকটক ভিডিও বানাত। যেখানে সশস্ত্র চিত্র ধারণ করার সময় ছিনতাই করতো ওই চক্রের সদস্যরা। গত দুই-তিন বছর ধরে রাজধানী মোহাম্মদপুরের চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা ও রায়েরবাজারসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া, ভাড়ায় শোডাউন করে আসছিল চক্রটি। ভাইব্বা ল কিং নামক কিশোর গ্যাং চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের নিচে। বাকিরা হলেন মো. রুমান (১৮), গ্যাং লিডার শরীফ ওরফে মোহন (১৮), মো. উদয় (১৯), মো. শাকিল (১৯), মো. নয়ন (১৮) ও মো. জাহিদ (১৮)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি লোহার দেশীয় তৈরি ছুরি, একটি স্টিলের হাতলযুক্ত কুঠার, গাঁজা ৫০ পুরিয়া, দুটি স্টিলের তৈরি ছুরি, একটি স্টিলের তৈরি হোল্ডিং চাকু, একটি প্লাস্টিকের পিস্তল সদৃশ্য, ৬৫ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং তিনটি মোবাইল।