শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, শিশুসহ ৪ মরদেহ উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 22 মার্চ 2025, 10:58 রাত • 259 বার পঠিত
রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, শিশুসহ ৪ মরদেহ উদ্ধার

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যসহ বেশ কয়েকজন রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখা যায়। বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় শাকের মাঝির নেতৃত্বে মাঝিমাল্লাদের নিয়ে রোহিঙ্গাবহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন। এরপর বিজিবি সদস্যরা ওই নৌকায় উঠলে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

এই সময় নারী ও শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবির সদস্যরা। তবে উদ্ধারকৃত রোহিঙ্গাদের ভাষ্যমতে, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত অর্ধশতাধিক মানুষ ছিল। নিখোঁজদের সন্ধানে বিজিবি ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নৌকাডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, বিজিবির এক সদস্যসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।"

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, "সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম উপকূলে রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেন। তবে, উদ্ধার অভিযানের সময় এক বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন।"

উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে বিজিবি, কোস্টগার্ড এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।