শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল আমদানিতে ইইউর নিষেধাজ্ঞা

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 10:54 দুপুর • 248 বার পঠিত
রাশিয়া থেকে তেল আমদানিতে ইইউর নিষেধাজ্ঞা

রাশিয়াকে নতুন করে চাপে ফেলা হচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশের বেশি বন্ধ করতে একমত হয়েছেন। এর ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে ইউরোপে তেল আমদানি বন্ধ হবে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করে ইউক্রেনে। সেই থেকে যুদ্ধ চলছে। আর রাশিয়ার ওপর আসছে একের পর এক নিষেধাজ্ঞা। তবু ভ্লাদিমির পুতিন যুদ্ধ থেকে পিছপা হতে রাজি নন। ইউক্রেনের নানা শহর তাদের দখলে যাচ্ছে। 

রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে শতভাগ নিষেধাজ্ঞা আনার ইচ্ছেই ইইউর ছিল। কিন্তু হাঙ্গেরির বিরোধিতার কারণে পুরো সাফল্য মেলেনি এই দফা। 

ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিশেল জানিয়েছেন, তাদের নতুন এ চুক্তি রাশিয়ার যুদ্ধ ‘অর্থায়নের বিশাল একটি উৎস’ বন্ধ করে দেবে।

মিশেল এক টুইটে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তেল রপ্তানির এই আংশিক নিষেধাজ্ঞায় ইইউ’তে রাশিয়ার তেল রপ্তানি দুই তৃতীয়াংশের বেশী হ্রাস পাবে। এতে রাশিয়ার যুদ্ধের অর্থায়নের উৎস বন্ধ হবে এবং যুদ্ধ অবসানে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি হবে। ’

বেশ কয়েক সপ্তাহ ধরে তেল আমদানি নিয়ে ইইউ নিজেদের মধ্যে মতপার্থক্য ঘুচাতে কাজ করে আসছিল। শুধু হাঙ্গেরি আমদানি পুরোপুরি বন্ধের বিরোধিতা করে আসছিল। তাই ছাড় দিতে হয়েছে ইইউকে। ইইউ এটাকে অবশ্য সাময়ীক ছাড় বলছে। 

হাঙ্গেরির আপত্তির কারণে আপাতত রাশিয়া থেকে কেবল সমুদ্রপথে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা থাকবে। রাশিয়া থেকে ইউরোপে যাওয়া তেলের দুই-তৃতীয়াংশ সমুদ্রপথেই যায়। 

জার্মানি ও পোল্যান্ড স্বেচ্ছায় এই বছরের মধ্যে পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। বাকি যে ১০ থেকে ১১ শতাংশ থাকবে তা হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রে যাবে। 

কমিশনের বৈঠকের প্রাক্কালে হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছিলেন যে, ইইউ দূতদের প্রাথমিক আলোচনার সময় তেল নিষেধাজ্ঞার ব্যাপারে কোন ঐক্যমত হয়নি। ইউরোপিয়ান কমিশনকে দায়িত্বহীনতার জন্য অভিযুক্ত করে ভিক্টর অরবান কোন নিষেধাজ্ঞা আরোপের আগে ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।