রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে লন্ডনের সড়কে শোকাতুর মানুষের ঢল
সত্তর বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মারা যান।
এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাকিংহাম প্যালেসের বাইরে জনসমুদ্রে পরিণত হয়। এর আগে মধ্য লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। শোকের মধ্যেই সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে দেখা দেখা যায় তাদের।
রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর খবর ঘোষণার আগেই সাধারণ মানুষ রানির সুস্থতা কামনায় বাকিংহাম প্যালেসের ফটকে ফুল দিতে আসেন। রানির মৃত্যুর ঘোষণা দেওয়ার পর প্যালেসের পতাকা অর্ধনমিত করা হয়। এ সময় প্যালেসর বাইরের চত্বরে শত শত মানুষকে শোক প্রকাশ করতে দেখা যায়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রানিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অনেকেই।
তাদের একজন শিলা বিল্লাইগু (৭৭)। তার চোখমুখজুড়ে শোকের ছায়া। তিনি বলেন, সবাই এখানে আছে বলে আমার খুব খারাপ লাগছে। পতাকা না দেখা পর্যন্ত আমি জানতামই না যে রানি মারা গেছেন।
রানির সম্পর্কে জানতে চাইলে তিনি এক কথায় বলেন ‘বিশ্বস্ত’। শিলা আরো বলেন, ‘তিনি অসাধারণ একজন রানি ছিলেন। আমরা সবাই তাকে খুব মিস করব।’
রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হচ্ছিল। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে অবস্থানকালে বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান বলে ঘোষণা দেয় বাকিংহাম প্যালেস। মৃত্যুর খবর শুনে ক্যাসলের বাইরে ফুল দিয়ে রানিকে শ্রদ্ধা জানাতে আসেন সাধারণ মানুষ।