রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থসাউথের ছাত্রী নিহত
৯৯৯ এ কল পেয়ে খিলক্ষেত পুলিশ ব্যস্ত উড়ালসড়ক থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাইশা মমতাজ মিমকে। তার পাশে পড়ে ছিল একটা স্কুটি। মিমকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মিম। এরপর মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, নিহত মিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী খুঁজে পায়নি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ চেক করে তারা দেখেছে, মিমের পাশ থেকে একটা কাভার্ড ভ্যান চলে যাচ্ছে। ওই ভ্যানের ধাক্কায় বা ভ্যানে চাপা পড়ে মিম মারা গেছেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ কাভার্ড ভ্যানটির নম্বর সংগ্রহ করেছে। ভ্যানটিকে ধরার চেষ্টা চলছে।