শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানী ঢাকায় হচ্ছে সাইবার থানা

অনলাইন নিউজ পোর্টাল • 07 জুলাই 2020, 10:34 দুপুর • 247 বার পঠিত
রাজধানী ঢাকায় হচ্ছে সাইবার থানা

রাজধানী ঢাকায় হচ্ছে সাইবার থানা। তবে সারাদেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্যমে অভিযোগ করতে পারবেন এ থানায়। সোমবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। এ থানাটি ঢাকায়  স্থাপন করা হলেও সারাদেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনের মাধ্যমে অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।

সিআইডিপ্রধান বলেন, সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।

সিআইডি প্রধান আরো বলেন, মানবপাচারকারী হিসেবে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের এমপি শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ বিষয়ে তিনি বলেন, সাক্ষ্য–প্রমাণসহ আমরা সব বলবো। ধৈর্য ধরুন। তার (পাপুল) বিষয়ে বিস্তারিত খোঁজ চলছে। আমরা এ বিষয়ে সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এখন বিষয়টি আন্তর্জাতিক ইস্যু। তাই অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হচ্ছে। আশা করি, তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা এ বিষয়ে শিগগিরই জানাতে পারবো।

তিনি বলেন, মানবপাচারকারীদের বিষয়ে সরকারের দুটি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দুটি তালিকা পেয়েছি। এ ছাড়া পাচার হওয়া ভুক্তভোগী, তাদের পরিবার ও বিভিন্ন দেশের অ্যাম্বাসির কাছ থেকে অনেক নাম পাওয়া গেছে। তাদেরও আমরা নজরদারিতে রেখেছি।