পুঠিয়ায় গুদাম থেকে ৯২ হাজার লিটার সয়াবিন উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি বাজারে অভিযান চালিয়ে ৪৫৪ ড্রাম সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালানো হয়। সেখান থেকে মজুদ করে রাখা ওই তেল উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ‘পাঁচটি গুদামে অভিযান চালিয়ে মোট ৪৫৪টি ড্রাম উদ্ধার করা হয়েছে। এসব ড্রামে মোট ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল রয়েছে।’
আজ বিকেলে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব তেল পায়। সন্ধ্যার পরও অভিযান চলছিল।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগে রাজশাহীর তিন ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।
তার আগে গতকাল সোমবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারের দুটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখান থেকে পুলিশ প্রায় ২৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করে। এর মধ্যে সয়াবিন তেল ছিল প্রায় ২০ হাজার লিটার। বাকিটা সরিষার তেল। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়।