পশু পরিবহনে বিশেষ ট্রেন চলবে এবারও
ওএনপি২৪ নিউজ ডেস্ক
•
04 মে 2025, 04:58 দুপুর
•
253 বার পঠিত
কোরবানির পশু পরিবহনে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ ট্রেন চালু থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার (৪ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেন চালানো হবে। পশু পরিবহনে ট্রেন ও নৌপথ ব্যবহারের সময় ‘প্রাণী কল্যাণ আইন ২০১৯’ মেনে চলা বাধ্যতামূলক।”
এছাড়া, প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, স্থানীয় সরকার বিভাগ ও সিটি করপোরেশনের সমন্বয়ে কোরবানির হাটগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যত্রতত্র পশু কোরবানির বিষয়ে জনসচেতনতাও বাড়ানো হবে।
তিনি আরও বলেন, নিরাপদ মাংস ও প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি পর্যায়ে আইন মেনে কাজ করতে হবে।