পর্তুগালে দাবি আদায়ে বিক্ষোভ-মিছিল করেছেন স্বাস্থ্যকর্মীরা
পর্তুগালে দাবি আদায়ে বিক্ষোভ-মিছিল করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল ইমার্জেন্সির স্বাস্থ্যকর্মীরা। মূলত উন্নত কাজের পরিবেশ, অ্যাম্বুলেন্স আধুনিকীকরণ, বেতন-ভাতা বাড়ানোসহ বেশকিছু দাবি আদায়ে রাস্তায় নামেন তারা। জাতীয় জরুরি স্বাস্থ্যসেবা কর্মীদের সংগঠন সিন্ডিকাটো ডোস টেকনিকো ডে ইমার্জেন্সিয়া প্রি হসপিটালার-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল হয়।
বিক্ষোভ-মিছিলটি পর্তুগাল সরকারের মর্ডানাইজেশন মন্ত্রণালয়ের সামনে থেকে শুরু হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভকারীরা কেউ দায়িত্ব বা কাজ ছেড়ে বিক্ষোভে অংশ নেননি।
বিক্ষোভে অংশ নেয়া স্বাস্থ্যকর্মীরা বলেন, করোনাভাইরাসে আমরা যখন খারাপ সময় পার করছিলাম তখন এমনও সময় গেছে সপ্তাহের সাতদিন বিরতিহীন কাজ করেছি। এমনকি নিজেদের সুরক্ষা উপকরণ ছাড়াই রোগীকে জরুরি সেবা দিয়েছি। এছাড়া আমাদের জীবনযাত্রার মান অনুযায়ী বেতন অনেক কম। বেশকিছু বছর ধরে কোনো বেতন বাড়ানো হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমাদের দিকে সরকারের নজর নেই। আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের জীবনযাত্রার মান থেমে আছে। এ বিষয়ে সরকারের দৃষ্টি কামনা করার জন্যই আমাদের এ বিক্ষোভ সমাবেশ।