পঞ্চগড়ের উন্নয়নে আমরা এক থাকবো : সারজিস
জুলাই মাসের অভ্যুত্থানের পর পঞ্চগড় জেলা শহরের মিড়গড় এলাকায় মাত্র ৩২ দিনে গড়ে উঠেছে ১২ একরের নতুন ইকোপার্ক, যা এখন জেলার রাজনৈতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এই পার্কটি শনিবার (১২ এপ্রিল) পরিদর্শন করেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর আমন্ত্রণে ইকোপার্কটি ঘুরে দেখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সার্জিজ আলম।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ একযোগে জেলার উন্নয়নে একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, "মাত্র ৩২ দিনের মাথায় এ রকম একটি ইকো পার্ক গড়ে তোলা নিঃসন্দেহে একটি অভূতপূর্ব ঘটনা। রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়নে আমরা এক থাকবো।"
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বলেন, "আমার বাড়ি যেহেতু এখানে, পার্কটির জন্য আমার বিশেষ দায়িত্ব রয়েছে। উন্নয়নের ক্ষেত্রে আমি সাথে আছি।"
জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন জানান, "জেলা প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছেন। এই পার্কে অনেক মানুষের কর্মসংস্থান হবে।"
এনসিপির নেতা সার্জিজ আলম বলেন, "জেলার সকল নেতৃবৃন্দ একসাথে এসেছি—এটাই আজকের বড় বার্তা। পঞ্চগড়ের উন্নয়নে আমরা একসাথে থাকবো।"
জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, "দীর্ঘদিন ধরেই স্থানীয়দের একটি ইকো পার্কের দাবি ছিল। একদিন আশ্রয়ণ প্রকল্পে গিয়ে এই জায়গাটি খুঁজে পাই এবং তখনই মাথায় আসে পার্ক নির্মাণের চিন্তা। গত মাসের শুরুতে কাজ শুরু করি এবং ঢাকার অভিজ্ঞ আর্কিটেক্ট দিয়ে পার্কটির নকশা করা হয়। এখনও অনেক কাজ বাকি, তবে এরই মধ্যে মানুষের আগ্রহ বাড়ছে।"