শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পি কে হালদার ও তার সহযোগীরা বিচার বিভাগীয় রিমান্ডে

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মে 2022, 07:39 বিকাল • 390 বার পঠিত
পি কে হালদার ও তার সহযোগীরা বিচার বিভাগীয় রিমান্ডে

প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ মোট ছয়জনকে কলকাতার নগর দায়রা আদালত বিচার বিভাগীয় রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। আজ তাদের আদালতে হাজির করা হয়। বিচারপতি শৌভিক ঘোষ এই রিমান্ডের আদেশ দেন।

৭ জুন পর্যন্ত পি কে হালদার ও তার সহযোগীদের রিমান্ডে রাখার অনুমতি পেয়েছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি আজ আদালতে তুলে পি কে হালদারদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) নেওয়ার আবেদন জানায়।  

গত ১৪ মে কলকাতায় পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। তার পর দুই দফায় তাদের মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে হাওয়ালা পদ্ধতিতে ভারতে টাকা ঢুকানোর মামলা করা হয়েছে। রিমান্ডের পর তারা সাধারণ কারাগারে থাকবেন। নির্দিষ্ট সময়ে তাদের জেরা করতে পারবে ইডি। 

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার বাংলাদেশ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত করে ২০১৯ সালে পালিয়ে যান। ধারণা করা হতো, তিনি কানাডায় আছেন। কিন্তু গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ইডি পি কে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারের পর জানা যায়, পি কে হালদার ভারতে নাম বদলে শিব শঙ্কর হালদার নাম নিয়ে বসবাস করছিলেন। সেখানে বিপুল টাকা বিনিয়োগ করেছেন তিনি। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পেয়েছে ইডি। এই সংক্রান্ত নথি তাদের হাতে এসেছে বলে জানায় তারা। 

শিব শঙ্কর পরিচয় দিয়ে পি কে হালদার ভারতের বেশ কিছু সরকারি পরিচয়পত্র, যেমন পশ্চিমবঙ্গ সরকারের রেশন কার্ড, ভারতের ভোটার পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পিএএন (প্যান), নাগরিকত্বের পরিচয়পত্র, আধার কার্ড ইত্যাদি পরিচয়পত্র জোগাড় করেছিলেন। পিকে হালদার ও তাঁর অন্য সহযোগীরা একই কাজ করেছেন বলেও জানিয়েছে ইডি। 

জানা গেছে, এইসব পরিচয়পত্রের সাহায্যে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বেশ কিছু কোম্পানি পি কে হালদার ও তাঁর সহযোগীরা খুলেছিলেন। তাঁরা বিভিন্ন জায়গায় জমিজমাও কিনেছিলেন। কলকাতার বিভিন্ন অভিজাত এলাকাতেও তাঁদের বেশ কিছু বাড়ি রয়েছে।