পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে টিকটক ভিডিও, জরিমানা
পদ্মা সেতুর ওপর প্রথম দিনেই ঘটছিল নানা ঘটনা। এমনকি মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাও গেল। সব দেখে গণবিজ্ঞপ্তি এল। মোটরসাইকেল চলায় নিষেধাজ্ঞাও এল। তারপরও মানুষের অহেতুক আগ্রহের কমতি নেই দেখে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনকে আজ পদ্মা সেতুর ওপর ভ্রাম্যমান আদালতও পরিচালনা করতে হলো।
গাড়ি থেকে নেমে সেতুর ওপর নানা কিছু চলছিল। কেউ আড্ডাবাজি, কেউ গানবাজনা চালাচ্ছিল। সোমবার দুপুরে সেতুর ওপর গাড়ি দাঁড় করিয়ে টিকটক ভিডিও বানানোর অপরাধে ফখরুল আলম নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা থেকে বন্ধুদের নিয়ে এসেছিলেন ফখরুল। তিনি জানান, ‘‘আমরা বন্ধুরা গাড়ির থেকে নেমে গান করছিলাম, আনন্দ করছিলাম। আমরা জানি না এখানে গাড়ি পার্ক করা নিষেধ।’’
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। প্রথম দিনের ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৫১ হাজারের বেশি যানবাহন পার হয়। ২ কোটি টাকার বেশি টোল আদায় হয়। কিন্তু সন্ধ্যায় দুজন প্রবল গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সঙ্গে চলছিল ভিডিও। এমন সময় তারা দুর্ঘটনায় পড়েন এবং প্রাণ হারান। সোমবার সকাল থেকে তাই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু বিভাগ।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখা) মো. আশরাফুল কবীর বলেন, ‘‘সেতু চালুর প্রথম দিনেই নানা ঘটনার কারণে সেতুতে সুচারুরূপে যান চলাচল ও রক্ষণাবেক্ষণে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও পাঁচটি বাহনকে সর্তক করা হয়েছে। আমরা জেলা প্রশাসকের পক্ষ থেকে এসেছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। এখানে এসে আমরা একটা টিমকে টিকটক করতে দেখেছি। তারা অপ্রয়োজনে এখানে ভিড় করছিল। আমরা তাদের আইনের আওতায় এনেছি। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, অবৈধ পার্কিংয়ের জন্য তাদের ১০০০ টাকা জরিমানা করেছি।’’