শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 17 মার্চ 2025, 03:13 দুপুর • 148 বার পঠিত
পাঁচ বিভাগে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস

দেশের পাঁচটি বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আগামীকাল মঙ্গলবারও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইভাবে, পরদিন বুধবার সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।

এদিকে, দেশের ১২টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী।

সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শুরুর দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।