পাকিস্তানে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ২০
পাকিস্তানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ২০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। হতাহতরা সবাই শিখ এবং তারা তীর্থযাত্রা থেকে ফিরছিলেন। শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেইখুপুরাতে এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে বলা হয়েছে, শেইখুপুরা শহরে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে একটি রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসটিকে করাচি-লাহোর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এক টুইটার পোস্টে এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
পুলিশ কর্মকর্তা জানান, বাসটিতে ২৫ বা ২৬ জন যাত্রী ছিলো। রেলক্রসিংটি বন্ধ থাকায় দীর্ঘ রাস্তা এড়াতে বাসের চালক অন্যপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। সেসময়ে দ্রুতগতিতে আসা ট্রেনটি ওই বাসটিকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলেও জানান তিনি। উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহতদের সবাইকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শেইখুপুরা জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া মৃতদেহগুলোও ওই হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানান যে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। হাসপাতালে আহতদের অবস্থা গুরুতর। তবে এ দুর্ঘটনায় ট্রেনের কোনো যাত্রী আহত হয়নি বলেও জানান তিনি।