অচিরেই সব দলের সঙ্গে সংলাপ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, অচিরেই বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে সংলাপের জন্য আহ্বান করা হবে। শিগগির বলতে দু-এক মাসের কথা জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর উদ্বোধন করেন তিনি। এর পর সাংবাদিকদের কাছে এই কথা বলেন।
সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আওয়াল জানান, ‘‘অচিরেই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় বসার জন্য আহ্বান জানাব।’’ কবে রাজনৈতিক দলগুলোতে সংলাপে ডাকা হতে পারে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা ঠিক করে বলা যাচ্ছে না। হয়তো দু-এক মাসের মধ্যে হতে পারে।’’
তিনি আরো বলেন, তারা কাজ করে যাচ্ছেন। তাদের হাতে অনেক কাজ রয়েছে। ইলেকট্রনিক ভোটার মেশিন বা ইভিএমে নির্বাচন করার সক্ষমতা বাড়ানোর জন্য কি নির্বাচন কমিশন কিছু করছে? এমন প্রশ্নে সিইসি বলেন, ‘‘ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷’’
কিছুদিন আগে তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনের এখন ১০০ আসনে ইভিএমে ভোট দেওয়ার সক্ষমতা আছে। ৩০০ আসনে কোনো মতে না। আগামী বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন। তার আগে ইভিএমে নির্বাচনের সক্ষমতা ৩০০ আসনে নিয়ে যাওয়া সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘‘এখন বলা সম্ভব নয়। তবে সামনে আলোচনার মাধ্যমে বোঝা যাবে। এছাড়া নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হবে।’’