শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিউ মার্কেট সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2022, 11:29 দুপুর • 298 বার পঠিত
নিউ মার্কেট সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

গত মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও মার্কেটের কর্মাচারী-ব্যবসায়ীদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সকালে র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয় যে, বুধবার রাতে কক্সবাজার ও শরীয়তপুর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এখনো গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানানো হয়নি। তবে র‌্যাবের সূত্রে জানা গেছে, ওই তিনজনের মধ্যে একজনকে সংঘর্ষে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযাগে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনও কোনো না কোনোভাবে হত্যার সাথে জড়িত ছিলেন। র‌্যাব সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে। 

গত ১৮ এপ্রিল রাতে একটি ঘটনাকে কেন্দ্র করে নিউ মার্কেটের কয়েকজন দোকান কর্মচারীর সঙ্গে ঢাকা কলেজেন কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ঝামেলা হয়। সেটা পরে বড় আকার নেয়। সেই রাতে দুই পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ হয়। পুলিশ রাতে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

কিন্তু পরের দিন মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় ফের সংঘর্ষ শুরু হয়। দিনভর সেই সংঘর্ষ চলতে থাকে। তাতে দুই পক্ষের অনেকে আহত হন। 

সেদিনই নাহিদ নামের ওই ডেলিভারিম্যানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তাকে পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিনে আহত মোরসালিন নামের একজন দোকান কর্মচারী দুদিন পর হাসপাতালে মারা যান।

এর পর নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এর পাশাপাশি সংঘর্ষ, বোমাবাজি এবং অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগে আরো তিনটি মামলা হয়। 

সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থানীয় নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আর নাহিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ঢাকা কলেজের ৫ ছাত্র। তারা সবাই এখন কারাগারে আছেন।