নিজে গাড়ি চালিয়ে সেই ক্রিমিয়া সেতু পরিদর্শন করলেন পুতিন
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ স্থাপনকারী ব্রিজ ক্রিমিয়া সেতু পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার (৫ ডিসেম্বর) পুতিন নিজে গাড়ি চালিয়ে সেতুটি ঘুরে দেখেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত ৮ অক্টোবর সেতুটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ব্রিজটি আংশিকভাবে ধসে পড়ে। নিহত হয় অন্তত তিনজন। ওই বিস্ফোরণের ঘটনাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছিল। এর দুই মাসের মাথায় এটি পরিদর্শনে গেলেন পুতিন।
রয়টার্স জানায়, পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেতুটির মেরামতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন পুতিন।
আনুষ্ঠানিক নাম কের্চ ব্রিজ হলেও ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপন করায় এটি ক্রিমিয়া সেতু নামেও পরিচিত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও পুতিনের ব্রিজটি পরিদর্শনের কথা নিশ্চিত করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের প্রকাশিত ছবিতে পুতিনকে সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে। একটি ভিডিওতে পুতিনকে সেতুতে হাঁটতে দেখা গেছে।