নীলফামারীতে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত, আহত ৬
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 জানুয়ারী 2022, 09:41 সকাল
•
1,522 বার পঠিত
নীলফামারীতে দারোয়ানী রেলক্রসিংয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান। এছাড়া আহত দুজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে দারোয়ানি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ৬ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশাযোগে উত্তরা ইপিজেডের কয়েকজন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানীতে অটোরিকশাটি লেভেলক্রসিং অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়।