নারায়ণগঞ্জে চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। সোমবার রাত সাড়ে ১০টায় চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর কাজ থেকে জানা গেছে, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। সেখানে কয়েকদিন ধরেই মাদক ব্যবসাটি নিয়ন্ত্রণে নিতে ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ তাদেরকে মারধর করে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়।
এতে ওই সময় অজ্ঞাত পরিচয় যুবকসহ পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই ঘটনায় আহতরা হলেন, জুয়েল, জামান, সোহাগ ও সাধারণ পথচারী হাফিজুল ইসলাম। ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় একজন নিহত হয়েছেন আহতদের ঢামেকে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।