মুম্বাই হামলায় জড়িত ৩ জনকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তান
ভারতের মুম্বাই শহরের বিলাসবহুল হোটেল তাজ মহল প্যালেসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত তিনজনকে কারাদণ্ড দিয়েছে পাকিস্তান। শনিবার দেশটির একটি আদালত তাদেরকে এই কারাদণ্ড দেয়। কারাদণ্ড পাওয়া এই তিনজন জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের নেতা। মুম্বাই হামলায় সংগঠনটি জড়িত বলে অভিযোগ করে আসছিলো ভারত ও যুক্তরাষ্ট্র।
কালো তালিকাভূক্ত হওয়া এড়াতে বৈশ্বিক আর্থিক নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বেঁধে দেয়া সময়সীমা সেপ্টেম্বরের মধ্যে বিদ্রোহ কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধের আগ মুহূর্তে এই কারাদণ্ড দেয়া হলো। কালো তালিকাভূক্তি মানে ইরান ও উত্তর কোরিয়ার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ বন্ধ হবে। যারা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তাদের বিচার করে শাস্তি দেয়া ছাড়াও সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারি করে তা বন্ধে আইন প্রণয়নের জন্য ইসলামবাদকে চাপ দিয়ে আসছে এফএটিএফ।
পাকিস্তানি আদালতের রায়ে দু’ব্যক্তিকে ১৬ বছর ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া তৃতীয় ব্যক্তিকে দেয়া হয়েছে দেড় বছরের কারাদণ্ড।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের বিলাসবহুল তাজ মহল প্যালেস হোটেলে ভয়াবহ ওই হামলার ঘটনায় ১৬০ জন নিহত হয়। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের নাগরিক ছিলেন। ওই হামলার জন্য লস্কর-ঈ-তৈয়বা ও হাফিজ সাঈদকে মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র।