মিশরের হুমকি যুদ্ধ ঘোষণার সমান
লিবিয়ায় মিশরের সামরিক হস্তক্ষেপের হুমকির নিন্দা জানিয়েছে দেশটির জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যমতের সরকার (জিএনএ)। এছাড়া একে যুদ্ধ ঘোষণার সমান বলেও উল্লেখ করেছে দেশটি।
শনিবার মিশরের প্রেসিডেন্ট এক সতর্ক বার্তায় বলেন, জিএনএপন্থী বাহিনী যদি রাজধানী ত্রিপোলি থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগত শহর সার্তের দিকে অগ্রসর হয় তবে সেটি কায়রোকে সরাসরি হস্তক্ষেপে উস্কানি দেয়া হবে।
এছাড়া লিবিয়ায় তুরস্কের হস্তক্ষেপ নিয়ে উত্তেজনার মধ্যে মিশর সেনাবাহিনীকে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য দেশের অভ্যন্তরে বা বাইরে মিশন চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
মিশরের প্রেসিডেন্টের এই সতর্ক বার্তার প্রতিক্রিয়ায় গর্ভমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এক বিবৃতিতে জানায়, এটি একটি শত্রুতামূলক পদক্ষেপ। এছাড়া এটি সরাসরি হস্তক্ষেপ যা যুদ্ধ ঘোষণার সমান।
লিবিয়া বিষয়ে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকের প্রাক্কালে মিশর এই সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। এই বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে জিএনএ।
জিএনএন’র বিবৃতিতে আরো বলা হয়েছে, লিবিয়ার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তার সার্বভৌমত্বের ওপর হামলা। মিশরের প্রেসিডেন্ট, তার সমর্থক, মিলিশিয়া বা ভাড়াটে সেনা যারাই এই ঘোষণা দিক সেটি একেবারেই অগ্রহণযোগ্য।