মেডিকেল ভর্তি পরীক্ষায় আসনের বিপরীতে ৩৩ জন
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আজ বসেছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার পরীক্ষায় বসেন তারা। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ইতিহাসে এ বছর রেকর্ডসংখ্যক ভর্তিচ্ছু অংশ নিলেন।
১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দেন পরীক্ষার্থীরা। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯১৫। ঢাকায় আবেদনকারী ৬১ হাজার ৬৭৮ জন।
সারা দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা চার হাজার ৩৫০টি। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়াই করছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী। ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৬ হাজার ৪৮৯টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রতিটি আসনের বিপরীতে প্রার্থী ১৩ জন করে।
এমসিকিউর ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর, মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এছাড়া এমসিকিউর ১০০র মধ্যে ৪০ এর বেশি পাওয়া পরীক্ষার্থীদের মধ্য থেকে বেসরকারি মেডিকেলের শিক্ষার্থী নেওয়া হবে। অবশ্য সরাকারি হাসপাতালে সুযোগ পাওয়া শিক্ষার্থী চাইলে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন।
সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা কোটায় ৮৭টি এবং উপজাতিদের জন্য ৩৩টি আসন বরাদ্দ থাকবে। বাকি ৪ হাজার ২৩০টি আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় এবং ২০ শতাংশ জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হবে।