শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মামলার নথি চুরির মামলায় আইনজীবী কারাগারে

অনলাইন নিউজ পোর্টাল • 06 জানুয়ারী 2021, 10:26 রাত • 252 বার পঠিত
মামলার নথি চুরির মামলায় আইনজীবী কারাগারে

রাজবাড়ীতে মামলার নথি চুরির অভিযোগে সুদীপ্ত গুহ আশীষ নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন।

সুদীপ্ত গুহের আইনজীবী তসলিম আহমেদ বলেন, সুদীপ্ত গুহ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি বুধবার জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ৩০ অক্টোবর মামলার নথি চুরির অভিযোগে সুদীপ্ত গুহ আশীষ, লক্ষন কুমার ও মাসুদুর রহমানের নামে মামলা দায়ের করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী আবদুল ওদুদ খান। এরপর সুদীপ্ত গুহ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। বুধবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদি আবদুল ওদুদ খান বলেন, আদালত থেকে মামলার নথি দেখতে লিখিত আবেদন করতে হয়। কিন্তু মানবিক কারণে মৌখিক আবেদনের প্রেক্ষিতে নথি দেখতে দেওয়া হয়। ২৫ অক্টোবর আইনজীবী সুদীপ্ত গুহ মামলার নথি দেখতে মৌখিক আবেদন করেন। তাকে সেরেস্তায় বসে নথি দেখতে দেওয়া হয়। এ সময় তার সঙ্গে আদালতের সহকারী লিটন উপস্থিত ছিল। লিটন তার পেশাগত কাজ করছিলেন। একপর্যায়ে কৌশলে আইনজীবী নথিটি নিয়ে চলে যান। তাকে দেখতে না পেয়ে বাইরে এসে লিটন দেখেন তিনি নথি নিয়ে চলে যাচ্ছেন। তাকে ডাকতে ডাকতে পেছনে ছুটতে থাকেন লিটন। কিন্তু আইনজীবী ডাক না শুনে নিজের গাড়িতে করে সেখান থেকে চলে যান

বাদি আরো বলেন, বিষয়টি তাৎক্ষণিক আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানানো হয়। তারা মোবাইলফোনে সুদীপ্ত গুহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তার মুঠোফোন বন্ধ পাওয়ায় পরে আইনজীবী সমিতির নেতারা ওই আইনজীবীর বাড়িতে যান। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিভিন্নভাবে নথি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়।